আধুনিক নকশায় পুনর্গঠিত ইলিশ চত্ত্বর উদ্বোধন

চাঁদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ ব্র্যান্ডিংকে আরও দৃশ্যমান করতে সংস্কার কাজ শেষে ইলিশ চত্বরের ফলক উন্মোচন করা হয়েছে। আধুনিক নকশা ও পরিকল্পিত বিন্যাসে নতুন রূপ পাওয়া এই ইলিশ চত্বর শহরের সৌন্দর্যে যুক্ত করেছে ভিন্ন মাত্রা।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত ইলিশ চত্বরে ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
এর আগে বিকেলে চাঁদপুর পৌরসভা প্রাঙ্গণে মনোরম পরিবেশে পৌরসেবার মান উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে একাধিক উদ্যোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং ফিতা কেটে চালু করেন পৌরসভার প্রথম অভ্যর্থনা ও তথ্য কেন্দ্র, নারীদের জন্য নামাজের পৃথক স্থান এবং ব্রেস্ট ফিডিং সেন্টার।
পরে পৌরসভার বিভিন্ন সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে জেলা প্রশাসক পৌরসভার সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
ইলিশ চত্বরের ফলক উন্মোচন শেষে গণমাধ্যমকে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, চাঁদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ হিসেবে জেলার পরিচিতিকে আরও শক্তিশালী করতে বিশেষ পরিকল্পনার মাধ্যমে ইলিশ চত্বরের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। নির্বাচনপূর্ব এই সময়ে এটি জেলার জন্যে একটি ইতিবাচক ও দৃষ্টিনন্দন সংযোজন। ভোট দিতে আসা মানুষসহ দর্শনার্থীরা এই স্থাপনার সামনে দাঁড়িয়ে আনন্দ অনুভব করবেন এবং স্মৃতিচিহ্ন হিসেবে ছবি তুলে নিয়ে যাবেন--এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, পৌরসভায় নারীদের জন্যে নামাজের স্থান, ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা নূর আজম বিন শরীফ, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) দিলীপ কুমার দে, উপ-সহকারী প্রকৌশলী মো. হিরণ মিয়া, প্রশাসনিক কর্মকর্তা নূরে আলম, শহর পরিকল্পনাবিদ সোহরাব হোসেনসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

