দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী

দেশের বিধ্বস্ত অবস্থায় বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।
রোববার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারপ্রধান বলেন, জিয়াউর রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে এমন স্থানে নিয়ে গেছেন, তাতে মানুষ জিয়া ও বাংলাদেশকে এক রকম মনে করত।
জিয়াউর রহমান সততার মাধ্যমে দেশে অনেক পরিবর্তন এনেছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার (জিয়াউর রহমান) সেই পথ অনুসরণ করতে হবে।
দেশে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, বিষয়গুলো কীভাবে শিশুদের মাঝে তৈরি করা যায়, তা নিয়ে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

