আজ খোলা দেশের সব ব্যাংক, চলবে স্বাভাবিক লেনদেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির সমন্বয় করতে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়া হবে এবং শেয়ারবাজারের কার্যক্রমও স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের বিরতি তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে ছুটির সমন্বয় করতে সাপ্তাহিক ছুটির দিন শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়। এর ফলে আজ নির্ধারিত সময় অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। ছুটির দিনেও চালু থাকবে আমদানি-রপ্তানি ব্যাংকিং সেবা আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দরে অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোর জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও এসব শাখা ও বুথে সীমিত পরিসরে আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।
এ জন্য স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুর্গাপূজার ছুটির মধ্যেও আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

